জগন্নাথপুরে রক্ষার দাবিতে ৫ গ্রামবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫ ইং, ৮:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে শতাধিক পরিবারের নিজ জমি রক্ষার দাবিতে বঞ্চিত ৫ গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার ছিলিমপুর, ভবানীপুর, ইকড়ছই, বলবল ও হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে পৌর শহরের রাণীগঞ্জ রোডে ছিলিমপুর মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর কমিশনার মাসুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল জব্বার, যুক্তরাজ্য প্রবাসী সাহিদ মিয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন, সাবেক বাজার সেক্রেটারী আফিস উদ্দিন, ব্যবসায়ী জমিল মিয়া, আবু সুফিয়ান, হুসিয়ার আলী, আবুল লেইছ, ফয়জুল ইসলাম, শফিকুল ইসলাম শিবলু, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফিরোজ আলী, শিক্ষক দিলোয়ার হোসেন দিলবর, বঞ্চিত পরিবারের পক্ষে আবু মিয়া, আক্কাছ মিয়া, জাপা নেতা বাবুল মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, জগন্নাথপুর পৌরসভাধীন ইকড়ছই মৌজার জে এল নং ১৭২ এ বিভিন্ন দাগ ও বিভিন্ন খতিয়ানে দীর্ঘ প্রায় ১৫/১৬ বছর ধরে ৫ গ্রামের শতাধিক পরিবার আমাদের মৌরসী সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এখানে দোকান, মসজিদ, মক্তব, পাকা-আধাপাকা, সেমি পাকা, টিনসেড ঘরসহ শতাধিক স্থাপনা রয়েছে। কিন্তু আমাদের জমির উপর কু-দৃষ্টি পড়ে হবিবপুর গ্রামের রাজাকার আছাব আলী গংদের। আছাব আলীর মৃত্যু হলেও তার লোকজন আমাদেরকে নানা ভাবে হয়রানী করছে। এরই ধারাবাকিতায় গত ২৯ এপ্রিল বড় অংকের টাকার বিনিময়ে সিলেট সেটেলমেন্ট অফিসের জোনাল অফিসার সুব্রত পাল সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের কাগজপত্র পর্যালোচনা না করে আছাব আলী গংদের পক্ষে রায় দিয়ে আমরা নিরীহ গ্রামবাসীকে বঞ্চিত করেছেন। এ রায় বাতিলের দাবিতে আমরা পরদিন ৩০ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট স্বারকলিপি প্রদান করেছি। তাতেও কাজ হচ্ছে না। এমতাবস্থায় নিরুপায় হয়ে আমরা ৫ গ্রামের শতাধিক পরিবারের জমি রক্ষায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।


