প্রেমিকা পেটানো শাবির সেই ছাত্র গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫ ইং, ৮:২১ অপরাহ্ণ | সংবাদটি ৬১৪ বার পঠিত
নিউজ ডেক্স:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীকে জুতাপেটা করার অভিযোগে কথিত প্রেমিক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র রিফাত আদনান পাপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সোয়া ৬টার দিকে শাবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাপনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষা বর্ষের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর সাথে ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষা বর্ষের ছাত্র রিফাত আদনান পাপনের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। অনার্স প্রথম বর্ষেই উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। সম্প্রতি ওই মেয়ের সঙ্গে পাপনের সম্পর্ক ভেঙে যায়। এই নিয়ে দু’জনের মধ্যে কয়েকবার ঝগড়াও হয়।
গত রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তার সাবেক প্রেমিকা। এমন সময় প্রেমিক রিফাত আদনান পাপন এসে মেয়েটিকে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু ডাকে সাড়া না দেয়ায় পাপন এক পর্যায়ে জুতা দিয়ে পিটিয়ে তাকে আহত করেন।


