এবার ইলিয়াস আলীকেও হাজির করুন
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৬:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৭১৭ বার পঠিত
নিউজ ডেক্স:: বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গুম, খুনের নাটক সৃষ্টি করেছিল ২০ দল, কিন্তু সেটি তারা পারেন নাই। তাই সালাউদ্দিনকে হাজির করেছেন, এবার ইলিয়াস আলীকেও হাজির করেন। ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট পিছু হটেছে ঠিকই। কিন্তু তারা সামনের দিনে আরো সঙ্কট সৃষ্টির চেষ্টা করবে। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ ছিলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে হাজির করতে আল্টিমেটাম দিলেন। দেখা গেল সরকারের হাজির করার প্রয়োজন হয়নি তাকে। তিনি নিজেই হাজির হয়ে গেছেন এবং বলছেন, তিনি বলতে পারেন না কেমন করে ভারতে গেলেন। শুক্রবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশনের একাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে ২দিনব্যাপী সম্মেলনে হাফিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী, দিদারুল আলম চৌধুরী, জাকির হোসেন, মামুন হোসেন ও অশোক সরকার।
মন্ত্রী বলেন, তার ছবি দেখলে বুঝা যায় তাকে যদি অপহরণ বা গুম করা হতো তাহলে নিশ্চয়ই তার দাড়ি কামানো থাকতো না, চুলগুলো এত সুন্দর করে কাটা থাকতো না, জুতায় পালিশ করা থাকতো না, পরনের যে কাপড়টি আছে তার ভাজ নষ্ট ছিল না। সেখানে আমরা বলতে চাই, যে গুম খুনের নাটক সৃষ্টি করছিল ২০ দল। এরমধ্য দিয়ে দেশে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। সেটা তারা করতে পারেনি। মন্ত্রী আরো বলেন, সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন। এবার ইলিয়াস আলীকে হাজির করুন। কারণ দেখা যাবে ইলিয়াস আলীও শেষ পর্যন্ত তাদের চক্রান্তের শিকার হয়েছেন অথবা তাদের চক্রান্তের ফসল হিসেবে কাজ করছে।


