ওসমানীনগরে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি : গুলিবৃদ্ধসহ আহত ২
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৪:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৮ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর::সিলেটের ওসমানীনগরে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ব্রাক্ষণশাসন গ্রামের আজিজুর রহমান ও ধন মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় গুলিবৃদ্ধসহ দুইজন আহত হন। আহতরা হলেন আজিজুর রহমানের ভাগ্নে আপতাব আলী ও চাচাতো ভাই ছইল মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতদল ব্যবসায়ীদের ঘরে থাকা স্বর্ণালংকার,নগদ টাকা, ল্যাপটপ,মোবাইলসেটসহ মালামাল লুঠ করে নিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শুক্রবার দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে ২০/২৫ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ঘরের কেচি গেইটের তালা ভেঙে ঘরে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারে সবাইকে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল সেটসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে পার্শ্ববর্তী চাচাতো ভাই ধন মিয়ার ঘরে একই কায়দায় প্রবেশ করে ২০ ভরি স্বর্ণ,১টি ল্যাপটপ মালামাল নিয়ে যায়। এক পর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ডাকাতদের ধাওয়া করা চেষ্ঠা করলে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ডাকাতদের হামলায় আপতাব আলী ও ছইল মিয়া গুলিবৃদ্ধ হয়ে আহত হন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মোরছালিন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


