ছাতকে ইমামকে নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ৬৭০ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার ছাতকে মসজিদের ইমামকে নিয়ে ডাকা সালিশের মধ্যে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের আকিজান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাবির খান, জাবের হোসেন, ইসলাম উদ্দিন, ছালেহ আহমদসহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।আর তাজ উদ্দিন,রহিছ উদ্দিন,আনোয়ার হোসেন,রাসেল আহমদ,মিজবাহ আহমেদ,সাগর আহমেদ,আব্দুল মালিক,সাহাব উদ্দিন,জুনায়েদ মিয়া,রায়হান মিয়া,এমদাদ আহমেদ,শাকিল আহমেদ,ইমামুল হোসেন,রেজাউল হোসেনসহ ২৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৩ মাস পূর্বে আকিজান গ্রামের জামে মসজিদের ইমাম নিয়ে ওই গ্রামের শফিক মিয়া ও ইছাব আলীর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধান করার জন্য শুক্রবার বিকেলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সালিশ ডাকে। এবং সালিশ চলাকালে বিবাদমান দুই গ্রুপের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ওসি হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
ছাতক থানার ওসি হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিবেশ শান্ত রয়েছে।


