জকিগঞ্জে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৮০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের জকিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বাসা ও ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কালিগঞ্জবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, মঙ্গলবার সকালে বাজার সংলগ্ন মাতাব মিয়ার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন রোবহান উদ্দিন ও ছানু মিয়ার বাসার পাশাপাশি কালিগঞ্জ বাজারে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের ১০টি দোকানে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪টি স্টেশনারি, ২টি ফার্নিচারের দোকান, ১টি সেলুন ও ৩টি চায়ের দোকান।
খবর পেয়ে জকিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৩টি বাসা ও ১০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান।
জকিগঞ্জ থানার ওসি মো. শফিকুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


