জগন্নাথপুরে মানব পাচার চক্রের সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ১০:১২ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য খলিলুর রহমানকে (৪৮) আটক করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই মাঝপাড়া গ্রামের মৃত হাজী আব্দুল জব্বারের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় দাওরাই বাজারে অভিযান চালিয়ে লোকজনকে মানব পাচারে প্ররোচণা দান কালে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘ ১০/১২ বছর ধরে মালেশিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে এলাকার প্রায় ৫০ টি পরিবারের সাথে প্রতারণা করেছে খলিলুর রহমান চক্র। এ চক্রের ভয়ে লোকজন এতো দিন মুখ খুলতে সাহস পায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান জানান, আটককৃত খলিলুর রহমান মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে বিদেশে লোক পাঠানোর কথা বলে অসংখ্য লোকের সাথে প্রতারণা করেছে। এ ছাড়া তার পাঠানো অধিকাংশ লোকজনের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সে আটকের খবর পেয়ে লোকজন এখন থানায় এসে অভিযোগ করছেন। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


