বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ৫ দিন ধরে অন্ধকারে বালাগঞ্জবাসী
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫ ইং, ৪:২১ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি::বিদ্যুতের লাইন মেরামত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে পাঁচ দিন ধরে অন্ধকারে রয়েছেন সিলেটের বালাগঞ্জবাসী। এক টানা বিদ্যুৎ সংযোগ না থাকায় গ্রাহকরা অতিষ্ট হয়ে অতিমাত্রায় ভোগান্তি পোহাচ্ছেন। গত শুক্রবার রাত এবং শনিবার বিকেলে দু’দফা ঝড় হওয়ার কারণে রোববার রাত পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রোববার রাত থেকে পুনরায় সংযোগ দেয়া হলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। স্থানীয় বিদ্যুৎ বিভাগ লাইন মেরামতের নামে বার-বার সংযোগ বিচ্ছিন্ন করে রাখছে। ফলে গড়ে চার ঘন্টা করেও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। তাছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যবসায়ীদের আর্থিক লোকসান গুনেতে হচ্ছে। বিপাকে পড়েছেন ব্যাংকসহ সরকারি প্রতিষ্টানগুলোও।
এদিকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পরিচালিত বালাগঞ্জ উপজেলার খাশিকাপন জোনাল অফিসের আওতাধীন এলাকায় গ্রীস্ম কাল শুরু হওয়ার পর থেকেই নানা অজুহাত দেখিয়ে প্রতি দিন আট-দশ ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ প্রতিদিনই লাইন চেক করার নামে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় শিক্ষার্থীদের লেখা পড়াসহ মসজিদে মুসলি¬¬দের নামাজ আদায় ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতির নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সাধারনত শুক্রবার বিদ্যুতের চাহিদা অন্য যেকোনো দিনের তুলনায় কম থাকলেও লোডশেডিংয়ের কবল থেকে শুক্রবারও গ্রাহকরা রেহাই পাচ্ছেনা।
তাছাড়া পূর্ব ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে গ্রাহকরা অফিসিয়াল নাম্বারে ফোন দিলে গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করারও অভিযোগ উঠেছে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১এর আওতাধীন খাশিকাপন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হাছান আহমদ মজুমদার লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, কাশিকাপন এরিয়ার আওতায় ১৪ মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন কিন্তু ৮-১০ মেঘাওয়াট সরবরাহ করার কারনে প্রায় সময়ই লোডশেডিং করতে হয়।


