ওসমানীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, ননদ আটক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫ ইং, ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৯০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে দুই সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীর হাসিনা বেগম (২৭) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উমরপুর ইউপির পরাগলপুর গ্রামের সৌদি প্রবাসী সায়মন মিয়ার স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় হাসিনার স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঐ রাত ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মৃত হাসিনার স্বামীর বড় বোন জাহানার বেগম (৪৫) আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে কথাবার্তায় অসংলগ্নতা থাকার কারণে জাহানারা বেগমকে আটক করা হয়েছে।
এদিকে ময়না তদন্ত শেষে হাসিনার লাশ বিশ্বনাথ উপজেলার কোনারাইস্থ হাসিনার পিতার বাড়ির পারিবারিক কবরস্থানে শনিবার বিকাল ৩টায় দাফন করা হয়েছে।
জানাযায়, আট বছর পূর্বে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির পরাগলপুর গ্রামের ইছকন্দর আলীর ছেলে সৌদি প্রবাসী সায়মন মিয়ার সাথে বিয়ে হয় বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের আরশাদ আলীর মেয়ে হাসিনা বেগমের। বিয়ের পরে হাসিনার স্বামী সৌদি আরব চলে যান। এর ভিতরে তিনি দুইবার দেশে আসেন। তাদের রয়েছে দুটি সন্তান।
স্বামী প্রবাসে থাকার সুযোগে হাসিনার দেবর তুরণ মিয়া বিভিন্ন সময় হাসিনাকে কুপ্রস্তাব দিয়ে আসছে বলে জানিয়েছেন হাসিনার বড় বোনের স্বামী আবদুস সত্তার। কুপ্রস্তাব প্রত্যাখান করায় হাসিনার দেবর তাকে শারীরিকভাবে নির্যাতন করলে সে মারা যায়। মুত্যুর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য হাসিনা বেগমকে ফাঁসির নাটক সাজিয়েছেন তার স্বামীর বাড়ীর লোকজন এমটাই তিনি দাবি করেন।
হাসিনা বেগমের বড় ভাই রজাক মিয়া বলেন, বোনকে তার দেবর তুরণ মিয়াসহ পরিবারের লোকজন হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্ত মূলক বিচার চাই।
তবে হাসিনার দেবর তুরণ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
ওসমানীনগর থানার ওসি মোরসালিন বলেন, হত্যা না আত্বহত্যা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। এঘটনার সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়েছে।


