ওসমানীনগরের গোয়ালাবাজার- সিকন্দরপুর রাস্তার বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৬:০০ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৯ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার-সিকন্দরপুর সড়কের বেহাল দশা। দেখার যেন কেউ নেই। দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় সড়কটি খানা খন্দসহ স্থানে স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনকে।
জানাগেছে, উপজেলার গোয়ালাবাজার-সিকন্দরপুর এলাকার হামতনপুর গ্রাম পর্যন্ত সড়কটির বেহাল দশায় পরিনত হয়েছে। এ সড়ক দিয়ে এলাকার প্রায় ৮/১০ গ্রামের মানূষ চলাচলের একমাত্র সড়ক। তেরহাতি থেকে সিকন্দরপুর-হামতনপুর প্রায় ৭ কিলোমিটার রাস্তা বর্তমানে এলাকার মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গোয়ালাবাজার থেকে ভেরুখলা, নোয়ারাই, মোল্লাপাড়া,পূর্র্বগাঁও,মাইজগাঁও, সিকন্দরপুর ও হামতনপুর সিএনজি ও ইজিবাইক যোগে ৫ টাকা হারে ভাড়া ভাড়ানো হয়েছে। রাতের বেলায় এ সড়ক দিয়ে কেউ যাতায়াত করতে হলে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে সিএনজি চালকরা। প্রতিদিন শত শত যানবাহন দিয়ে প্রায় ৮/১০ টি গ্রামের মানুষ বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন ঐ সড়ক দিয়ে।
খোঁজ নিয়ে জানাযায়, রাস্তার মাঝে বড় বড় গর্ত এবং গর্তের মাঝে পানি জমে আছে। যার কারণে গাড়ি চলাচল করা অনেকটা কষ্ঠকর হয়ে পড়েছে।
ইজিবাইক চালক কালা মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, আমরা চালকদের কষ্ট কেউ বুঝেনা, এই সড়কে সারাদিন গাড়ী চালাইয়া মালিক ভাড়া তুলতে হয়। কিন্তু সড়কটি খারাপ হওয়ায় এই ভাড়া তুলতে আমাদের হিমশিম খেতে হয়। তাছাড়া রাস্তা খারাপ থাকায় ঘন ঘন গাড়ী নষ্ট হয়ে যায়।
সিকন্দপুর গ্রামের আনোয়ার হোসেন, মোল্লাপাড়া গ্রামের আবদুর রহিম বলেন,আমাদের এই ভোগান্তি কবে শেষ হবে? অনেক কষ্টে স্কুল, কলেজ ও মাদরাসার প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রীরা গোয়ালাবাজারসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যায়। এই রাস্তার জন্য অনেক বার সরকারের বিভিন্ন মহলে আবেদন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত উপজেলার গোয়ালাবাজার-সিকন্দরপুর সড়কের কোনো সংস্কার হচ্ছে না। প্রশাসন ও জন প্রতিনিধিদের কাছে আমাদের দাবী, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা যেন সংস্কার করে এলাকাবাসীর দূর্ভোগ লাগব করা।


