বালাগঞ্জে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৫ ইং, ৬:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৬ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর:: সিলেটের বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা সাদেক মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রোববার দুপুরে উপজেলার তিনগাঁও, শংকরপাশা, চানপুর, সাদীপুর ও মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি-সেক্রেটারী স্বাক্ষরিত লিখিত অভিযোগ জেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দায়ের করা করেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলা সমবায় কর্মকর্তা সাদেক মিয়া উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘ দিন ধরে উপজেলায় কর্মরত থেকে উপজেলা সমবায় কার্যালয়কে ঘুষ বানিজ্যে আখড়া বানিয়েছেন। তিনি উপজেলার সমবায় সমিতির জলমহাল নিলামের দরপত্রের জন্য সমিতির ছাড়পত্র দিতে ২০-২৫ হাজার টাকা আদায় করেছেন।
তিনগাঁও সমবায় সমিতির সভাপতির কাছ থেকে বিভিন্ন অযুহাতে ২৬ হাজার টাকা ঘুষ নিয়েছেন। হরুউয়া বিল জলমহাল বন্দোবস্থ দেয়ার ব্যাপারে সমবায় সমিতির কাছে আরও ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এছাড়াও তিনি রুচিশীল মাছের আবদার করে থাকেন। তার এসব অবৈধ দাবি পূরণ না করা হলে তিনি সমিতির মধ্যে নানা অযুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমিতি ধ্বংস করার পায়তারায় লিপ্ত থাকেন। এভাবে যোগদানের পর থেকে সমিতিগুলোর নেতাদের জিম্মি করে তার ঘুষ বানিজ্যে চালিয়ে যাচ্ছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
জানাগছে,নতুন সমিতির অনুমোদন পেতে সমবায় কর্মকর্তা সাদেক মিয়াকে ৬০-৭০ হাজার টাকা দিতে হয়। তার কথামতো টাকা না দিলে অনুমোদনের যাবতীয় কাগজপত্র নড়ে না। সঠিক থাকলেও টাকা না পেলে বিভিন্ন অযুহাতে সমিতির অনুমোদন হয় না। ইতিমধ্যে সাদেক মিয়ার বিরুদ্ধে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এতসব অনিয়ম দুর্নীতি থাকলেও রহস্যজনক কারণে তাকে অন্যত্র বদলি করা হচ্ছে না। যার ফলে উপজেলার মৎসজীবি সমিতিগুলো তার কাছে জিম্মি হয়েছে পড়েছে। সাদেক মিয়াকে অন্যত্র বদলি করে উপজেলার সাধারণ মানুষকে ঘুষ নামক দুর্নীতির হাত থেকে রক্ষা করার আহব্বান জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা সাদেক মিয়া অভিযোগগুলো অস্বীকার করে বলেন, নিজের স্বার্থ হাছিল না হওয়ায় কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


