৪ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৭১৬ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন পদে লড়তে প্রার্থীরা কেন্দ্রীয় পর্যায়ে ও স্থানীয়ভাবে দৌঁড়ঝাপ শুরু করেছেন। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে সিলেটের তিন বলয়ে নেতাকর্মীরা লবিং তদবির চালিয়ে যাচ্ছেন।সিলেট আওয়ামী লীগের তিন বলয়ের অনুসারী প্রার্থীরা ইতিমধ্যে তৃণমূল থেকে শুরু করে স্থানীয় নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখছেন বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
২০১১ সালের ৯ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন পায়। ১০১ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রলীগের কমিটিকে অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ১০১ সদস্যের কমিটি পরবর্তীতে বর্ধিত করে ১৬৩ সদস্য করা হয়। গত কয়েক দিন আগে কেন্দ্রীয় কমিটি সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে দিনক্ষণ ঠিক করে। আর এরই পরিপ্রেক্ষিতে মহানগর ছাত্রলীগের বিভিন্ন পদে লড়তে তোড়জোড় শুরু করে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। যদিও আনুষ্ঠানিকভাকে কেউ নিজের প্রার্থীতা এখনো ঘোষণা করেননি। তারপরও বাতাসে বয়ে বেড়াচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম।
এর মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদের অনুসারী ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদে তোফায়েল আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক পদে আবদুল আলিম তুষার ও সাংগঠনিক সম্পাদক পদে নূরুল ইসলাম খান রাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের অনুসারী মহানগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ময়নুল ইসলাম ফয়সল সম্মেলনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বী করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে এ বলয় থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে, আবদুল্লাহ আল হাদী ও ইমদাদুল হক জায়েদ। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্মেলনে প্রার্থী হবেন কিশওয়ার জাহান সৌরভ। ছাত্রলীগের বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
এদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিধান কুমার সাহার অনুসারী সৈকত চন্দ্র রিমি সভাপতি ও হোসাইন আহমদ সাগর সাধারণ সম্পাদক হিসেবে মহানগর ছাত্রলীগের আসন্ন সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।
সিলেট মহানগর ছাত্রলীগের বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি ও আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী ময়নুল ইসলাম ফয়সল মানবকণ্ঠকে বলেন, ছাত্রলীগের সম্মেলন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত কে কোন পদে প্রার্থী হবে তা ঘোষণা দেয়নি। তবে তিনি সভাপতি হিসেবে প্রার্থী হবেন এটা স্বীকার করেছেন। অপরদিকে আরেক সভাপতি প্রার্থী তোফায়েল আহমদ তালুকদারও তার প্রার্থিতার বিষয়টি স্বীকার করেছেন।
সিলেট মহানগর ছাত্রলীগের বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি ও আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী ময়নুল ইসলাম ফয়সল মানবকণ্ঠকে বলেন, ছাত্রলীগের সম্মেলন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত কে কোন পদে প্রার্থী হবে তা ঘোষণা দেয়নি। তবে তিনি সভাপতি হিসেবে প্রার্থী হবেন এটা স্বীকার করেছেন। অপরদিকে আরেক সভাপতি প্রার্থী তোফায়েল আহমদ তালুকদারও তার প্রার্থিতার বিষয়টি স্বীকার করেছেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মহানগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে নানা কারণে ৪টি ওয়ার্ড কমিটি বাতিল করা হয়। এমনকি সিলেট ল কলেজ ছাড়া কোনো কলেজ কমিটিও গঠন করা হয়নি। মহানগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ময়নুল ইসলাম ফয়সল এ তথ্য নিশ্চিত করেন। সূত্র অনলাইন মানবকন্ঠ


