ওসমানীনগর উপজেলা ঘোষণা হলেও এখনও কার্যক্রম শুরু হয়নি
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ৪:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১০১২ বার পঠিত
নিউজ ডেক্স:: নতুন উপজেলা ঘোষণার প্রায় ১২ মাস অতিবাহিত হওয়ার পরও এখনও কার্যক্রম শুরু হয়নি সিলেট জেলার নতুন উপজেলা ওসমানীনগর। ২০১৪ সালের ২রা জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯ তম সভায় ওসমানীনগর থানাকে উপজেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু উপজেলা ঘোষণার প্রায় ১২ মাস পরও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে অনেক বিলম্ব হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া জানান, উপজেলার কার্যক্রম শুরু করতে প্রস্তুতি সম্পন্ন। অচিরেই অস্থায়ীভাবে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। তারপর খুব দ্রুত উপজেলার কার্যক্রম শুরু হবে। সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব ফাইল প্রস্তুত রয়েছে। নতুন উপজেলা ঘোষণার পর ঢাকা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এসে উপজেলার স্থান পরিদর্শন করে গেছেন। অচিরেই উপজেলা কার্যক্রম শুরু হবে। উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, ইতিমধ্যে উপজেলা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গেজেট হয়ে গেছে এবং সীমানা নির্ধারণ করাও শেষ। বেশি দিন নয় ওসমানীনগর উপজেলা কার্যক্রম শুরু হবে।


