বিশ্বনাথে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান বুধবার
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৫ ইং, ৩:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সারা দেশের ন্যায় বিশ্বনাথে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। নাম্বারপ্লেট বিহীন ও কাগজপত্র ছাড়া চলাচলকারী মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছে থানা পুলিশ। ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ থানা পুলিশকে অভিযানের বিষয়টি অবহিত করেছেন। ফলে অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে হার্ড লাইনে পুলিশ।
অভিযানে বৈধ কাগজপত্র না থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে জানা যায়- নাম্বার প্লেটে পেশা ও পদবী লেখা রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলগুলোদের বেশিরভাগই ব্যবহৃত হয় বিভিন্ন অপরাধ কর্মকান্ডে। ছিনতাই, হামলা, সংঘর্ষে সন্ত্রাসী ও অপরাধীরা এসকল মোটর সাইকেল ব্যবহার করে থাকে। এছাড়া রাজনৈতিক কর্মসূচির নামে চালানো নাশকতাগুলোতেও এসব মোটর সাইকেলের ব্যবহার পরিলক্ষিত হয়েছে।
তাই রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্র ছাড়া যেসব মোটর সাইকেল উপজেলা চলাচল করছে সেগুলো ধরতে আগামীকাল ৩ জুন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযানে নামছে পুলিশ।
থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে বুধবার অভিযান শুরু হবে। কাগজ বিহীন মোটর সাইকেল আটক করা হবে।


