মাশরাফিকে কারণ দর্শানোর চিঠি
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৮:০০ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
নিউজ ডেক্স:: ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে একটি বাংলা দৈনিকে কলাম লেখার কারণে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।নাম না প্রকাশ করার শর্তে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার মাশরাফিকে এই চিঠি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিসিবি থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন,”এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এবং এই ব্যাপারে আমরা কোন মন্তব্য করতে ইচ্ছুক নই।”
এর আগে অভ্যন্তরীন এক নোটিশে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারকে খুব কঠোরভাবে মিডিয়া প্রটোকল মেনে চলার জন্য নির্দেশ জারি করে।
৭ তারিখে জারিকৃত নোটিশে বলা হয়, সংবাদ মাধ্যমে কোন কমেন্ট করার আগে অবশ্যই বোর্ডের মিডয়া ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হবে।
এমনকি বিসিবির অনুমতি ছাড়া সামাজিক গণমাধ্যমে কোন মেসেজ পোস্ট না করার জন্যও বলা হয়।
এতদসত্ত্বেও, বিসিবির বিনা অনুমতিতে গত ১১ জুন দৈনিক প্রথম আলোতে একটি কলাম লেখেন মাশরাফি মুর্তজা। কলামে বাংলাদেশ-ভারত টেস্টে ভারতের ব্যাটসম্যানদের দ্রুতগতির রানরেট এবং বাংলাদেশ ফিল্ডারদের ‘হাফ চান্স’কে কাজে না লাগাতে পারার ব্যাপারে নিজের অভিমত প্রকাশ করেন।
সেলেব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়ায় সম্প্রতি তরুণ ক্রিকেটার সাব্বির রহমানকেও কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।


