নিজস্ব অর্থায়নে সিলেট-তামাবিল সড়কে সংস্কার কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৬:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট-তামাবিল মহাসড়কে সরকারি বরাদ্দ স্বল্পতার কারণে ব্যবসায়ীদের অর্থায়নে সংস্কার কাজ আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। জেলার গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ২৫ লাখ টাকার বালি ও পাথর দিচ্ছেন ব্যবসায়ীরা। গত শুক্রবার সন্ধ্যায় নলজুরিস্থ জেলা পরিষদের ডাক বাংলোয় অনুষ্ঠিত সভায় স্থানীয় ব্যবসায়ীরা সড়ক সংস্কারে অর্থযোগানের প্রতিশ্রুতি দেন।জানা গেছে, বেশ কিছুদিন ধরে সিলেট-তামাবিল সড়কের জাফলংয়ের রাস্তাটি সংস্কারে আন্দোলন চালিয়ে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা। গত শুক্রবার এক সভায় ব্যবসায়ীদের প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়, রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এ বরাদ্দ অনুমোদন হবে। এক্ষেত্রে রাস্তা সংস্কারে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়। পরে স্থানীয় পাথর, চুনাপাথর, কয়লা ব্যবসায়ী এবং ট্রাক মালিক সমিতি রাস্তা সংস্কারে অর্থ যোগানের দায়িত্ব নেন।


