মসজিদের চাল তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৫ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১০১৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে মসজিদের চাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার শুকলামপুরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, ওয়ারিস আলী, রেজাউল, সোহেল আহমদ, দিলাল আহমদ, সেবুল, মিজান, ইফতেখার, কানু মিয়া, আবদুল কাইয়ূম, ময়নুল, রাজু আহমদ, শহীদুল্লাহ, জিয়া, কাওছার ও তারেক আহমদ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুকলামপুর জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন থেকে সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূমের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার মসজিদের সাপ্তাহিক চাল উত্তোলন করতে লোক পাঠান কাইয়ুম। চাল উত্তোলন করতে গেলে আজিজ ও তার লোকজন উত্তোলিত চাল ও টাকা মসজিদের কি উন্নয়নে লাগছে তা জানতে চান। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন।
দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম জানান, মসজিদের সাপ্তাহিক চাল তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


