শিক্ষক কর্তৃক ছাত্রী অপহরণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ৬:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে শিক্ষক কর্তৃক নবম শ্রেনীর ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে অপহৃতার পিতা উপজেলার মঙ্গলপুর গ্রামের সুরুক মিয়া বাদি হয়ে আওরঙ্গপুর মহিলা মাদরাসার দুই শিক্ষকের নাম উল্লেখ করে থানায় অপহরণের অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্তরা হলেন-হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার জলসুখা গ্রামের হাফিজুর রহমান মাসুম (৩০) ও শিক্ষিকা উপজেলার মঙ্গলপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী বিলকিস বেগম (২৫)।
জানা যায়, উপজেলার মঙ্গলপুর গ্রামের সুরুক মিয়ার মেয়ে আবিদা বেগম (১৪) স্থানীয় শেরপুরস্থ আওরঙ্গপুর আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় ৯ম শ্রেনীতে লেখাপড়া করে আসছে। গত ৯ জুন সকালে প্রতিদিনের মতো আবিদা মাদ্রাসায় আসলে মাদ্রসার ছুটির পর শিক্ষক হাফিজুর ও শিক্ষিকা বিলকিছ বেগম আবিদাকে নিয়ে সিএনজি যোগে পশ্চিম দিকে চলে গেছে। বিষয়টি আবিদার পিতা সুরুক মিয়া জানতে পেরে তাৎক্ষনিক হাফিজুর রহমানসহ আসামীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে আবিদা তাদের সাথে রয়েছে বলে স্বীকার করে অভিযুক্তরা জানায় তোমার মেয়েকে আমরা পাঠিয়ে দিচ্ছি। এ ব্যাপারে কাউকে জানালে আর মেয়ে ফেরত পাবেন না।
অপহৃতার পিতা সুরুক মিয়া কান্নাজরিত কন্ঠে বলেন, আওরঙ্গপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল ধরখা গ্রামের আবু আহমদ (ফুল) মিয়ার প্ররোচনায় মাদ্রাসার শিক্ষক হাফিজুর ও বিলকিছ আমার মেয়েকে নানা প্রলোভনে অপহরণ করে নিয়ে গেছে। আমি তাদের সাথে যোগাযোগ করলে প্রিন্সিপালসহ আমার মেয়েকে ফেরত দেয়ার আশ্বাস দেয়। কিন্তু ঘটনার তিনদিন অতিবাহিত হলেও আসামীরা আমার মেয়েকে ফেরত না দিয়ে উল্টো আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার মেয়ে উদ্ধারের জন্য আমি প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
ওসমানীনগর থানার ওসি মুরসালিন অপহরণের অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে প্রেমের সর্ম্পকের জের ধরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


