জগন্নাথপুর পৌর এলাকায় জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ১০:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১১১০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে অসস্তোষ দেখা দিয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসানের উদ্যোগে প্রায় মাস খানিক পূর্বে সৈয়দপুর থেকে দলুয়ার হাওরের উপর দিয়ে প্রায় আড়াই কিলোমিটার এরিয়া নিয়ে একটি নতুন কাচা মাটির রাস্তা জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কিশোরপুর গ্রাম এলাকা পর্যন্ত নির্মাণ করা হয়।
এদিকে এ রাস্তার সাথে সংযোগ করতে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে গ্রামের ভেতরের একটি খাল ভরাটের উদ্যোগ নেয়া হয়। গত কয়েক দিন ধরে খালে মাটি ভরাটের কাজ চলছে। তবে এ খাল ভরাট করে রাস্তা নির্মাণ করা নিয়ে খালের প্রতিবেশি বাড়ির মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী হাসন রাজা চৌধুরী মধু জানান, এ খাল আমাদের বাড়ির পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম। খালটি ভরাট হয়ে গেলে আমাদের বাড়ি পানির নিচে তলিয়ে যাবে। এ ছাড়া বিগত ২০০২ সালে এ খালটি ভরাট করার চেষ্টা করা হয়েছিল। তখন আমি আপত্তি জানাই এবং মামলা-মোকদ্দমা কার হলে আর কাজ হয়নি। এখন আবার জোরপূর্বকভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, এটি পৌরসভার রেকর্ডিয় খাল। জনস্বার্থে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে।


