জগন্নাথপুর পৌর কাউন্সিলর সুহেল আমিনের উদ্যোগে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৯:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৩২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুহেল আমিনের ব্যক্তি উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠির লোকজনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার জগন্নাথপুর পৌরসভায় পৌর কাউন্সিলর সুহেল আমিন সরকারি ভিজিএফ এর চাল বিতরণ করেন। জনপ্রতি ১০ কেজি করে মোট ৩৩৩ টি পরিবারের মধ্যে সরকারি ভিজিএফ এর চাল বিতরণ করা হলে সরকারি বরাদ্দের চাল শেষ হয়ে যায়। তখনো অনেক অভাবী-অসহায় পরিবারের লোকজন চাল পাননি। তারা চাল না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এ সময় পৌর কাউন্সিলর সুহেল আমিন তার ব্যক্তি উদ্যোগে বাজার থেকে ২৫ বস্তা চাল কিনে এনে আরো ১২৫ টি পরিবারের লোকজনের মধ্যে বিতরণ করেন।
পৌর কাউন্সিলর সুহেল আমিন জানান, আমার ওয়ার্ড বড় হওয়ায় জনসংখ্যাও বেশি। তাই প্রতি বছরই সরকারি বরাদ্দের চাল বিতরণ শেষ হয়ে গেলেও লোকজন বাকি থেকে যান। এ সময় আমি আমার ব্যক্তি উদ্যোগে বাদ পড়া লোকজনের মধ্যে চাল বিতরণ করে থাকি।


