প্রেমিকার বাবার হাতে প্রেমিক খুন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১:২৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৪৭ বার পঠিত
নিউজ ডেক্স:: গাজীপুর মহানগরের হাতিমারা এলাকায় মেয়ের প্রেমিককে ফোনে বাসায় ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রেমিকার বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে প্রেমিকার বাবা হামিদুল পলাতক রয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ২ জনকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য আরো ২ জনকে আটক করেছে।নিহত তারেক রহমান মহানগরের হাতিমারা উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্র এবং ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন জানান, মহানগরের হাতিমারা এলাকার হামিদুল ইসলামের মেয়ে হাতিমারা স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে একই এলাকার বাদশা মিয়ার ছেলে একই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র তারেক রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। এ ঘটনায় ছাত্রীর বাবা হামিদুল জয়দেবপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তারেকের বড় ভাই রাসেলকে গ্রেফতার করে। এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছিল জানিয়ে তিনি আরো বলেন, এরই মধ্যে গত বুধবার রাত ১২টার দিকে হামিদুল মেয়েকে দিয়ে তারেককে ফোনে ডেকে বাসায় আনে। পরে স্ত্রী ও মেয়েকে পাশের রুমে আটকে রেখে সহযোগীদের নিয়ে তারেককে মারধর ও লাঠিপেটা করেন। এক পর্যায়ে তারেকের মুখে বিষ ঢেলে মুমূর্ষু অবস্থায় হাতিমারা এলাকার একটি মসজিদের পাশের রাস্তায় ফেলে রাখে। তিনি আরো জানান, হামিদুলের সহযোগী মমিনুল ইসলাম, ইব্রাহিম মিয়াকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য নূরু মিয়া ও তার স্ত্রী সাজেদাকে আটক করা হয়েছে।
খবর পেয়ে তারেকের স্বজনরা গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই জাকির। হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, তারেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


