রাজন খুনের ঘটনায় আরেক জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১১১০ বার পঠিত
নিউজ ডেক্স::সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যায় জড়িত তাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়া এলাকা থেকে আয়াজ আলী নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
আয়াজ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার জাহাঙ্গিরগাঁও এলাকার মোস্তফা আলীর ছেলে। বর্তমানে সে কুমারগাঁও শেখপাড়া এলাকায় বসবাস করতো। এই নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো।
তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত সাংবাদিকদের জানান- রিমান্ডে থাকা আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে আয়াজকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে তারও সম্পৃক্ততা রয়েছে।
রাজন হত্যা মামলার গ্রেফতারকৃতদের মধ্যে ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে মুহিত আলম, আলী হায়দার ও ময়না চৌকিদার, দুলাল মিয়া, নূর হোসেন আদালতে জবানবন্দি দিয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শী আরও দুই ব্যক্তিও আদালতে জবানবন্দি দিয়েছেন।


