অবশেষে জমে উঠেছে জগন্নাথপুরের ঈদ বাজার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫ ইং, ১১:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০৮০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে জমে উঠেছে ঈদ বাজার। অন্যান্য বছর ১৫ রমজানের মধ্যে ঈদ বাজার জমে উঠলেও এবার ২০ রমজানের পর ধীরে ধীরে জমে উঠে। ঈদ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজার, পৌর এলাকার ভবেরবাজার, কেশবপুর বাজার, উপজেলার রসুলগঞ্জ বাজার, মিরপুর বাজার, সৈয়দপুর বাজার, রাণীগঞ্জ বাজার, কলকলিয়া বাজার, চিলাউড়া বাজারসহ প্রতিটি হাট-বাজারের বিপণি-বিতান ও কাপড়ের দোকানগুলোতে আলোকসজ্জা করা হয়।
ক্রেতাদের আকৃষ্ট করতে এসব বিপণি-বিতানগুলো প্রতিযোগিতামূলকভাবে আলোকসজ্জা করে থাকে। জগন্নাথপুর উপজেলা প্রবাসী অধ্যূষিত হওয়ায় এখানে প্রবাসীদের কদর বেশি। প্রতি বছর ঈদ উপলক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, সুইডেন, সৌদি আরব, ডুবাই, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা নাড়ির টানে দেশে আসেন আত্মীয়-স্বজনের সাথে ঈদ করতে। এবার প্রবাসীরা দেশে আসেননি বললে চলে। মাত্র গুটি কয়েক প্রবাসী দেশে এসেছেন। অধিকাংশ প্রবাসী পরিবারের লোকজন দেশে আসেননি। যে কারণে এবার ঈদ তেমন একটা জমে উঠেনি।
তবুও অবশেষে উপজেলার প্রতিটি হাট-বাজার বিশেষ করে জগন্নাথপুর সদর বাজারে জনসাধারণের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। জমজমাট হয়ে উঠেছে বাজারের অলি-গলি। কেউ কারো দিকে ফিরে তাকানোর সুযোগ নেই। যে যেভাবে পারছে, সেভাবেই কেনাকাটা করছে। সেই সাথে করছে ঈদ বাজার। দোকানিরাও তাদের ক্রেতাদের পছন্দের মালামাল দোকানে অত্যান্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছেন। যাতে খুব সহজেই ক্রেতাদের দৃষ্টি আকৃষ্ট করা যায়।
সোমবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর বাজারের নামীদামী বিপণি-বিতান আসল ঝলক ১ ও ২, রুপনগর, ঝলক ফ্যশন ১ ও ২ বিন্দুজ, উজ্জ্বল গার্মেন্টস, স্পোর্ট এন্ড ফ্যাশন, সালমাল ফ্যাশন, জান্নাহ ফ্যাশন, কেবি ফ্যাশন, লিলিমা ফ্যাশন, ফিতম ফ্যাশনসহ প্রতিটি কাপড়ের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড় রয়েছে। ক্রেতারা যার-যার সাধ্যমতো কেনাকাটা করছেন। ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের কাছে মালামাল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক বিপণি-বিতান ক্রেতাদের আলাদাভাবে আকৃষ্ট করতে বিশেষ ছাড় দিয়েছেন। ব্যস্ততার ফাকে কথা হয় ব্যবসায়ীদের মধ্যে অনেকের সাথে। তারা জানান, এবার তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে কিরণমালা শাড়ি, ড্রেস ও জুতা। দ্বিতীয় অবস্থানে রয়েছে চোখের তারা তুই। তরুণদের পছন্দ মোদি পাঞ্জাবী, শেরওয়ানী ও ইজি বেইল টি-শার্ট। কোমলমতি শিশুদের পছন্দ কিরণমালা ফ্রগ, পার্টি ফ্রগ, থ্রীপিছ পাঞ্জাবী ও কিরণমালা জুতা। তবে এবার অন্যান্য বছরের তুলনায় দাম অনেক বেশি বলে ক্রেতারা জানান। জানতে চাইলে আসল ঝলক ফ্যাশনের মালিক শ্যামল গোপ জানান, এবার প্রবাসীরা দেশে না আসায় ঈদ বাজার তেমন একটা জমেনি। যদিও শেষ পর্যায়ে এসে বাজার একটু জমেছে। তবে এবার তুলনামূলকভাবে মালের দাম বাড়লেও মালের কোয়ালিটি অনেক ভাল।
এদিকে-বাজারগুলোর অলি-গলি ও আশপাশে ফুটপাতে গড়ে উঠা অস্থায়ী ছোট-ছোট কাপড়ের দোকানগুলোতে নিুআয়ের জনসাধারণের ভীড় চোখে পড়ার মতো। তুলনামূলক অনেক কম দামে ফুটপাতে কেনাকাটা করা যায় বলে ক্রেতারা জানান। এসব ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে অনেকে জানান, আমরা সামান্য লাভে মাল বিক্রি করে থাকি। যে কারণে ক্রেতারা আমাদের কাছে বেশি আসেন। অপরদিকে-ঈদের সন্দেশ-পিঠা তৈরীর জন্য চাল, তেল, চিনি, গুর, নারিকেলসহ ইত্যাদি মালামাল কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভীড় দেখা যায়। ব্যবসায়ীরাও তাদের ক্রেতাদের কাছে মালামাল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। সব মিলিয়ে অবশেষে জমে উঠেছে ঈদ বাজার।


