জগন্নাথপুরে শিবির নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ১০:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৮ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাইয়াত কুতুব (২০) নামের এক ছাত্র শিবির নেতাকে পুলিশে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তিনি ধর্মপাশা থানার মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের আবু মিয়ার বাড়িতে থেকে উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় লেখাপড়া করছিলেন।
জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে জগন্নাথপুর ডিগ্রি কলেজের নবীনবরণ উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের পাশাপাশি কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে আলাদাভাবে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দ্রুত শেষ করে ফিরে যাওয়ার পথে ছাত্র শিবিরের মিছিলকে ধাওয়া করে ছাত্রলীগ।
এ সময় ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মীরা দৌড়ে ও পানিতে সাঁতার কেটে পালিয়ে গেলেও ছাত্র শিবির নেতা সাইয়াত কুতুবকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
জগন্নাথপুর থানার এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


