জগন্নাথপুর পৌরসভায় দূর্ণীতির আখড়া-দেখার যেন কেউ নেই!
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ১:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৯৭ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দেখার যেন কেউ নেই। মঙ্গলবার সরকারি বিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। এনিয়ে পৌরসভাবাসীর মধ্যে কানাঘোষা চলছে বলে জানাগেছে।
জানা গেছে, মঙ্গলবার জগন্নাথপুর পৌরসভার ৩ টি ওয়ার্ডের দরিদ্র লোকজনের মধ্যে সরকারি বিজিএফ এর চাল বিতরণ করা হয়। এ সময় চাল বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও খারাপ আচরণের অভিযোগ উঠে পৌরসভার স্টাফ কমলা শর্মার বিরুদ্ধে। পৌরসভার ৭ নং ওয়ার্ডের হবিবনগর গ্রামের দিনমজুর জয় কিশোর কর, রতিশ কর, সোকেশ কর, লিলু কর, শ্রী কান্ত কর, দিলু কর, পংকু কর, নিবেদন কর, লক্ষী করসহ অনেকে অভিযোগ করে জানান, প্রতি বছর আমরা সরকারি বিজিএফ এর চাল পেলেও এবার দেয়া হচ্ছে না। অফিসের সহকারি কমলা শর্মা আমাদেরকে টোকেন দিলেও চাল দিচ্ছেন না। তিনি আমাদেরকে চাল না দিয়ে আমাদের চাল স্বজনপ্রীতির মাধ্যমে অন্যদের দিয়েছেন। কারণ জানতে চাইলে তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন তিনি। পৌরসভা এখন যেন দূর্নীতির আখড়া পরিনত হয়েছে বলে তারা জানান।
এ ছাড়া জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্টার পর থেকে স্টাফ হিসেবে কাজ করে আসছেন পৌর এলাকার ভবানীপুর গ্রামের কমলা কান্তি শর্মা। শুরু থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জনসাধারণের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগ উঠলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এব্যাপারে পৌরসভার সচিব মোবারক হোসেন জানান, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন যুক্তরাজ্যে রয়েছেন। তিনি যাওয়ার সময় এ ওয়ার্ডের দায়িত্ব কমলা শর্মাকে দিয়ে গেছেন। এ ছাড়া কমলা শর্মা জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর সুবর্ণা রাণী শর্মার স্বামী। সেই সুবাদে তিনি চাল বিতরণ করছেন।
কমলা কান্তি শর্মার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


