দেশব্যাপী মঙ্গল ও বুধবার ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৫ ইং, ৭:২০ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৬ বার পঠিত
নিউজ ডেক্স:: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গল ও বুধবার এ দুই দিন তারা বিক্ষোভ করবে। সোমবার বিকেল সোয়া তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বুধবার দেশের উপজেলা, পৌরসভা ও কলেজগুলোতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
তিনি আরো বলেন, ছাত্রদল সভাপতিকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র ধর্মঘট ডেকে অচল করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তারেক উজ-জামান, মামুন বিল্লাহ, ইফতিয়ার কবীর, যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাধারণ সম্পাদক এম.ইউ চৌধুরী ফয়সালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদক ও মানবপাচারের অভিযোগে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে রোববার রাত ১১টার দিকে রাজীব আহসানসহ ছয় জনকে আটক করে দুমকি থানা পুলিশ।


