যেমন কর্ম তেমন ফল : জগন্নাথপুর থানার এসআই লুৎফর প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১২:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১৮২০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বিএনপি নেতাকে গ্রেফতার করায় জগন্নাথপুর থানার এসআই লুৎফর রহমানকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এদিকে-গ্রেফতারকৃত বিএনপি নেতা রহমত আলীকে বৃহস্পবিার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, গত মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মৃত তাজুল আলমের ছেলে এজাজ আলম বাদী হয়ে ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে একই গ্রামের আব্দুল মতলিবের ছেলে বিএনপি নেতা রহমত আলী ও আরশ আলীর ছেলে ডালিম মিয়াকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত ৮ টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে বিএনপি নেতা রহমত আলীকে (৩৫) গ্রেফতার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে।
এ সময় বিএনপি নেতা রহমত আলীকে গ্রেফতারের ঘটনায় জগন্নাথপুরের সকল মহলে তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে পরদিন বুধবার সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জগন্নাথপুর থানায় এসে গ্রেফতারকৃত বিএনপি নেতা রহমত আলীকে থানা হাজতে ও ওসির রুমে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় বিএনপি নেতা রহমত আলীর আত্মীয়-স্বজনের অভিযোগ ছিল, বিনা মামলায় পুলিশের এস আই লুৎফর রহমান বিএনপি নেতা রহমত আলীকে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করেছে। যদিও জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান দাবি করেন, মামলার আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কোন প্রকার নির্যাতন করা হয়নি।
অবশেষে গত বুধবার রাতেই ঘটনার সত্যতা পাওয়ায় দায়িত্বে অবহেলার জন্য সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে যাওয়ার নির্দেশ দেন। প্রত্যাহারের বিষয়ে নিশ্চিত করেন প্রত্যাহার হওয়া জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান।


