রাজন হত্যার বিচার দ্রুত শেষ করতে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী চুমকি
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৫:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে বর্বরোচিতভাবে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকান্ডের বিচার অতিদ্রুততার সাথে শেষ করার জন্য সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বুধবার বেলা দেড়টার দিকে প্রতিমন্ত্রী সামিউলের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে যান।
তিনি সামিউলের বাবা-মাকে শান্তনা প্রদান করে বলেন, ‘এই নির্মম হত্যাকান্ডের নিন্দা জানানো ভাষা আমার নেই।’
প্রতিমন্ত্রী চুমকি বলেন, ‘এ ধরনের নৃশংস হত্যাকান্ড যাতে আর না ঘটে, সেজন্য খুনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ তিনি সামিউল হত্যার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে নির্দেশ প্রদান করেন।
প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী সামিউলের বাবা-মার হাতে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক মহিলা সাংসদ জেবুন্নেসা হক, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক প্রমুখ।


