রোজাদার সেজে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৫:২০ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫২ বার পঠিত
নিউজ ডেক্স:: রোজাদার সেজে ইফতার করার জন্য পানি চেয়ে ঘরে প্রবেশ করে এক লাখ ১৭ হাজার টাকা, ৭ ভরি সোনা ও ৪টি মোবাইল ফোন লুটে নিয়েছে ডাকাত দল। চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম নোয়াগাঁও গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।জানা গেছে, উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের মধ্যম নোয়াগাঁও গ্রামে দানু সওদাগরের বাড়িতে ইফতারের সময় একটি মাইক্রোবাস নিয়ে ডাকাত দল হানা দেয়। ৫ ডাকাতের মধ্যে প্রথমে তিনজন ডাকাত গাড়ি থেকে নেমে ইফতার করার জন্য পানি চায়। এসময় গৃহকর্তা তাদের ঘরে এসে ইফতারের আমন্ত্রণ জানালে গাড়িতে থাকা আরো দুই ডাকাতকে ডেকে আনে তারা। ডাকাতরা ইফতার শেষ হতে না হতেই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে আলমিরা ভেঙ্গে এক লাখ ১৭ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার এবং চারটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, ঘটনা লোক মুখে শুনেছেন। বিস্তারিত জানেন না। কেউ অভিযোগ নিয়ে আসলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


