স্বামীর বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ দায়ের
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৫ ইং, ৪:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক তিন সন্তানের জননীকে প্রচন্ড মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নির্যাতিতা মহিলা স্থানীয়ভাবে বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সোমবার দুপুরে ঘটনাস্থল পরির্দশন করেছে। নির্যাতিতা মহিলা বর্তমানে তার পিত্রালয়ে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওসমানীনগরের জায়ফরপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র মুহিদ মিয়া ওরুফে মহিদ (৩৮) প্রায় এগারো বছর পূর্বে একই থানার সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত সুফি মিয়ার মেয়ে শিফা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী মুহিদ মিয়া ওরুফে মহিদ যৌতুকের জন্য বিভিন্নভাবে স্ত্রী শিফা বেগম (২৮) কে নির্যাতন করে আসছিলো। গত বছরের মার্চ মাসে মুহিদ মিয়া ব্যবসার কথা বলে শিফা বেগমকে তার পিতার বাড়ী থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন করলে বাধ্য হয়ে শিফা বেগম তার ভাইদের কাছ থেকে ৫০ হাজার এনে দেয়। স্বামী মুহিদ মিয়া স্ত্রীর কাছ থেকে টাকা পেয়ে ব্যবসা না করে জুয়া খেলে ও মাদক সেবনে উড়িয়ে দেয়। গত ১৫ জুলাই আবারো স্ত্রী শিফা বেগমকে মা ও ভাইয়ের নিকট থেকে ৫০হাজার টাকা এনে দেওয়ার জন্য মুহিদ চাপ দেয়। এতে শিফা বেগম অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট শুরু করে গুরুতর আহত করে। খবর পেয়ে শিফার মা-ভাই ঘটনাস্থলে এসে আহত অবস্থায় শিফাকে উদ্ধার করে বালাগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে শিফা বেগম বাদী হয়ে ওসমানীনগর থানায় স্বামী ও দেবরের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার এস আই সনক কান্তি দাশ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


