ইউরোপ সেরা তালিকায় মেসি-রোনালদো-সুয়ারেজ
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ১:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯২ বার পঠিত
নিউজ ডেক্স:: গত মৌসুমের পারফরম্যান্স বিচারে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো নাম দুটি অনুমিতই ছিল। তবে লুইস সুয়ারেজ নামটি খানিকটা অপ্রত্যাশিতই! ফুটবলবোদ্ধাদের অধিকাংশই হয়তো উরুগুইয়ান স্ট্রাইকারের নামটা চিন্তা করেননি। যাই হোক, ২০১৪-১৫ মৌসুমে ইউরোপসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জায়গা করে নিয়েছেন লুইস সুয়ারেজ। আগের দশ জনের তালিকা থেকে সাংবাদিকদের ভোটে নির্বাচিত তিন জনের সংক্ষিপ্ত তালিকা পরশু প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। আগামী ২৭ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ২০১৪-১৫ মৌসুমের ইউরোপ সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। উয়েফার সদস্য ৫৪ দেশের সাংবাদিক প্যানেলের ভোটে নির্বাচিত হয়ে থাকে ইউরোপের সেরা ফুটবলার।সুয়ারেজ সেরা তিনে থাকালেও প্রতিযোগিতাটা যে মেসি-রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। ২০১১ সালে চালু হওয়ার পর থেকেই উয়েফা সেরা ফুটবলারের পুরস্কারটা অনেকটাই নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি-রোনালদো। শুরু হওয়ার পর প্রতি বছরই সেরা তিনে জায়গা করে নিয়েছেন রোনালদো।
মেসি অবশ্য গতবার সেরা তিনে জায়গা পাননি। তবে এবার আর্জেন্টিনা অধিনায়কের নামে বাজি ধরার লোকই বেশি। গত মৌসুমটা যে স্বপ্নের মতোই কটেছে মেসির। স্প্যানিশ লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগের পর ক’দিন আগে উয়েপা সুপার কাপের শিরোপা জয়ে অনন্য ভূমিকা রেখেছেন বার্সা প্রাণভোমরা। বড় কোনো শিরোপা ছাড়াই অবশ্য রোনালদোর গত মৌসুম শেষ হয়েছে। তবে ৬১ গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। তাই ইউরোপ সেরা হিসেবে সিআর সেভেনের নাম ঘোষণা করা হলে তা মোটেও আশ্চর্ষের বিষয় হবে না। অবশ্য লুইস সুয়ারেজের নাম ঘোষণা করা হলে কিন্তু আশ্চর্র্যকেও ছাড়িয়ে যাবে! শেষ পর্যন্ত কী হয় তেরো দিন পরই অবশ্য উত্তর মিলছে।


