মাহমুদুর রহমানের ৩ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ৪:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৫ বার পঠিত
নিউজ ডেক্স:: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সম্পদের বিবরণ দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে এ দণ্ড দেয়া হয়।ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


