রাতে ২০ দলের বৈঠক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৫ ইং, ৪:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৪২ বার পঠিত
নিউজ ডেস্ক:: আজ রাতে ২০ দলীয় জোটের শীর্ষনেতাদের নিয়ে বৈঠক আহ্বান করেছেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে সাতটায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বৈঠকের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে সাতটায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে জোটের শীর্ষনেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিএনপি ও জোট নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জোটের শরিক কাজী জাফরের মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ এবং সম্প্রতি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে করণীয় নির্ধারণে এই বৈঠকে আলোচনা হবে।
একটি সূত্রের দাবি, ২০-দলীয় জোট মনে করে, সরকার অন্যায্যভাবে জনগণের ওপর গ্যাস ও বিদ্যুতের অতিরিক্ত মূল্য চাপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এখন দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। আর এই দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ২০-দলীয় জোট।
রোববার রাতের ওই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই হরতালের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। তবে হরতালের বিষয়ে বিএনপি এবং তাদের শরিক দলের কোনো নেতা সরাসরি মন্তব্য করতে রাজি হননি।


