শাবিতে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৫ ইং, ৫:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১২০০ বার পঠিত
নিউজ ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন বলে জানান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূর্ঁইয়া।
ফিজিক্যাল সায়েন্সের ডিন অ্যধাপক ড. সাবিনা ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির বাকিরা হলেন শাবি প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের’ শিক্ষকেরা। সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা।
সোমবার দুপুর ২টার দিকে ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. সাজেদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জ্ঞাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভূঁইয়া তার কার্যালয়ে প্রবশের সময় অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানান তারা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিগত কয়েক বৎসরের বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার বিচাহীনতা সংস্কৃতির ধারাবাহিকতা এ ঘটনা। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন ফোরামের শিক্ষকেরা।
উল্লেখ্য, গতjকাল রোববার উপাচার্যের অপসারণ দাবিতে‘ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে।


