সিলেট অনুর্ধ্ব ১৬ ফুটবল দলকে অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৫ ইং, ১০:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৫১ বার পঠিত
নিউজ ডেক্স:: সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপে স্বাগতিক বাংলাদেশ দল শিরোপা জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
এক অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, এই শিরোপা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য সুখবর। এজন্য বাংলাদেশের কিশোরদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমার নির্বাচনি এলাকার সিলেট নগরীর জেলা স্টেডিয়ামে এবারের আন্তর্জাতিক ফুটবলের এই আসরটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃংখল পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটা সফলভাবে সম্পন্ন করার জন্য সিলেটের প্রশাসন, পুলিশ ও আইনশৃংখলা বাহিনী, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
একই সঙ্গে সিলেটের ফুটবলপ্রেমী দর্শকদেরকে প্রতিটি খেলায় শান্তি-শৃংখল ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে সিলেটের ফুটবলপ্রেমী দর্শকরা দেশ ও বিদেশে সুনামের রেডর্ক সৃষ্টি করেছেন। বাংলাদেশের পাশাপাশি ফুটবল খেলাকে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন।
মন্ত্রী বলেন, সরকার চায় দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে। আর সে লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, ইতিমধ্যে সিলেটসহ দেশের অন্যান্য স্থানে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে গৃহিত বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। উপযুক্ত পরিবেশের সুযোগ করে দেওয়ায় সিলেটে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য টুর্ণামেন্টের আন্তর্জাতিক আসর সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তার জন্য অর্থমন্ত্রী বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অর্থমন্ত্রী সাফ অনুর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রানারআপ দল ভারত ও টুর্ণামেন্টে অংশগ্রহণকারি অন্যান্য দলকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বাংলাদেশ ফুটবল দলের অব্যাহত সফলতা কামনা করে বলেন, বাংলাদেশের ফুটবল আরো এগিয়ে যাবে। এটা আমার বিশ্বাস।


