ওসমানীনগরে হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম ধর্মের পাঠদান
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১৭০৯ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর::ওসমানীনগর উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষক না থাকায় দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের পাঠদান করছেন হিন্দু শিক্ষকরা। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবগত করা হলেও এ বিদ্যালয়ে কোনো ইসলাম শিক্ষক প্রদান করা হয়নি। বিষয়টি নিয়ে অভিভাবক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হযরত শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫০জন শিক্ষার্থী রয়েছে। এ মধ্যে ২৪০জন মুসলিম। কিন্তু ঐ বিদ্যায়ের ২জন শিক্ষক রয়েছেন তারা উভয়ই হিন্দু ধর্মাবলম্বী। যার ফলে ইসলাম ধর্ম শিক্ষা পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে হিন্দু শিক্ষকরাই ইসলাম ধর্মের পাঠদান চালিয়ে যাচ্ছেন। এতে ইসলাম শিক্ষা গ্রহণ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) জয়া রানী চন্দ বলেন, বিদ্যালয়ে ইসলাম শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষকরা ইসলাম ধর্মের ক্লাস নিচ্ছেন। কর্তৃপক্ষে বিষয়টি জানালেও বিদ্যালয়ে আজ পর্যন্ত একজন ইসলাম শিক্ষক প্রদান করা হয়নি বলে তিনি জানান।
বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জান ইসলাম শিক্ষকের বিষয়টি স্বীকার করে বলেন, একটি প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। শীঘ্রই একজন ইসলাম শিক্ষক বিদ্যালয়ে প্রদানের ব্যবস্থা করা হবে।


