গৃহ শিক্ষকের সঙ্গে গৃহিনীর পলায়ন: অত:পর শিক্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১৪৯৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে এক গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কচুরকান্দি গ্রামের এলাইছ মিয়ার ছেলে সুজন মিয়া ওরফে হোসাইন আহমদ (২৪) দীর্ঘদিন ধরে সিলেটের জকিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়ার বাড়িতে গৃহ শিক্ষকতা করে আসছিলেন। সেই সুবাদে ইউপি সদস্য ফারুক মিয়ার স্ত্রীর (৩৭) সাথে গৃহ শিক্ষক সুজন মিয়া ওরফে হোসাইন আহমদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শনিবার রাতে গৃহ শিক্ষকের হাত ধরে ইউপি সদস্য ফারুক মিয়ার স্ত্রী অজানার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রাতেই জকিগঞ্জ থানায় ইউপি সদস্য ফারুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
এদিকে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এ এস আই আবু আফসারের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কচুরকান্দি গ্রামে অভিযান চালিয়ে গৃহ শিক্ষক সুজন মিয়া ওরফে হোসাইন আহমদকে গ্রেফতার করলেও ইউপি সদস্য ফারুক মিয়ার স্ত্রীকে পায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এ এস আই আবু আফসার জানান, গ্রেফতারকৃত গৃহ শিক্ষককে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


