ছাত্রলীগকর্মী আলী হত্যাকাণ্ড : প্রণোজিৎসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ৪:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট নগরীর মদনমোহন কলেজে ছাত্রলীগকর্মী আব্দুল আলী হত্যার ঘটনায় মূলহোতা প্রণজিৎসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় আবদুল আলীর বাবা আলখাছ মিয়া বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ।
এজহারে আলখাছ মিয়া ৫ জনের নাম উল্লেখ করেছেন। তারা হচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার দায়মীর থানাগাঁওয়ের চিত্তরঞ্জনের পুত্র প্রণজিৎ দাশ, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র মো. আঙ্গুর মিয়া, নগরীর কাজলশাহ এলাকার রাজিব, কলাপাড়ার মাসুদ ও তাকছির। এছাড়াও ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এদিকে, এ হত্যার ঘটনায় পুলিশ এজহারের প্রধান আসামী প্রণজিৎ ও ২ নম্বর আসামী আঙ্গুরকে আটক করেছে। এছাড়া রাহুল কান্তি দেব বসু নামে একজনকেও গতকাল আটক করেছিলো পুলিশ। তবে আলীর বাবার দায়ের করা মামলায় তাকে আসামী করা হয়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রণজিৎ ও আঙ্গুরের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১২ আগস্ট বুধবার বেলা সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আবদুল আলীকে ছুরিকাঘাত করে প্রণজিৎ দাশসহ আরও ৪/৫ জন ছাত্রলীগকর্মী। এতে গুরুতর আহত হন তিনি। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।


