২২ মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৫ ইং, ৩:১১ অপরাহ্ণ | সংবাদটি ১৯৮৩ বার পঠিত
নিউজ ডেক্স:: ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরণের টেম্পো ও থ্রি হুইলার চলাচল ২২টি জাতীয় মহাসড়কে নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট এ ২২টি মহাসড়কের তালিকা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তালিকা সরবরাহ করেন তিনি।এসব জাতীয় মহাসড়ক ছাড়া অন্য আঞ্চলিক সড়ক বা জেলা সড়কে অটোরিকশা চলাচলে বাধা নেই বলেও জানান তিনি।
তালিকায় থাকা জাতীয় মহাসড়কগুলো হলো, কাচপুর সেতু (ঢাকা) থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার)। কাচপুর সেতু (ঢাকা) ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস। জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট। জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর। আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা। কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর। দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা। তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী। ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল। মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস)। এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল। বগুড়া-নাটোর। রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম। হাটিকুমরুল-বনপাড়া। বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী। নবীনগর-ইপিজেড-চন্দ্রা। যশোর-মাগুরা। ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া। চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল। ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়। ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া ও ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।
সেতুমন্ত্রী আরো জানান, অবিলম্বে এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।


