ছাত্রলীগকর্মী আলী হত্যায় ব্যবহৃত ছুরি ওসমানীনগর থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ২:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। সিলেটের ওসমানীনগর উপজেলার বুড়িখাল ব্রিজের নিচে পানির মধ্য থেকে শনিবার সকাল ৯টার দিকে ছুরিটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার পুণজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ছুরিটি উদ্ধার করা হয়। ওসমানীনগর উপজেলার পুণজিৎ দাসের বাড়ির সামনে বুড়িখাল ব্রিজের নিচ থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) দুপুরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জের ধরে আবদুল আলীকে প্রণজিৎ দাসের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর আলীর মৃত্যু হয়।


