পুলিশে যোগ দিচ্ছেন মাশরাফি!
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৫ ইং, ৬:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩৭৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: “ছোটবেলায় আমার স্বপ্ন ছিল পুলিশ হব।” – এ রকম কথা তো অনেককেই বলতে শোনা যায়। বন্ধুদের সঙ্গে চোর পুলিশ খেলার ফাঁকে কতজনেই তো নিজেকে কল্পনা করে নেয় ভবিষ্যতের পুলিশ অফিসার হিসেবে। কিন্তু সে স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয় আর কয়জনেরই বা জীবনে? স্বপ্ন, সে তো স্বপ্নই থেকে যায়। কিন্তু মাশরাফি বিন মুর্তজার জীবনে সে স্বপ্ন এবার সত্যি সত্যিই পূরণ হতে চলেছে।২০১৫ বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পর সাতক্ষীরায় পুলিশের পক্ষ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে মাশরাফি তার বক্তব্যে বলেছিলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল পুলিশ হবেন। এরপর থেকে শুরু হয় মাশরাফিকে এই বাহিনীতে নেয়ার চিন্তাভাবনা। দেশসেরা এই পেসারকে সম্মানসূচক পদের প্রস্তাব দেয়া হলে মাশরাফি তাতে আর আপত্তি জানাতে পারেননি। বরং তিনি অভিভূত, স্বপ্নের চরিত্রে নিজেকে চরিত্রায়ন করার সুযোগ পেয়ে। তবে তাকে কোন পদ দেয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
মাশরাফিকে খুলনা রেঞ্জ থেকে পুলিশের সম্মানসূচক কোনো পদ দেয়া হবে নিশ্চিত করে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান বলেন, “মাশরাফি বিন মুর্তজাকে পুলিশের সম্মানসূচক সদস্য করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ নিয়ে কাজও শুরু হয়েছে।”
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধোনির ছোটবেলার লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেয়ার। তা না হয়ে নিজেকে একজন সফল ক্রিকেটার হিসেবে আবিষ্কার করলেও তার সেই শখ পূরণ করে দেশটির সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী তাকে সম্মানসূচক কর্নেল পদে ভূষিত করে।


