বালাগঞ্জ থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আখলাকের ২৫ দিনেও সন্ধান মিলেনি
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৮ বার পঠিত
শামীম আহমদ বালাগঞ্জ: সন্ধান মিলছে না মাদ্রাসায় পড়ুয়া হাফিজ আখলাক আহমদের। গত ৪ আগষ্ট বালাগঞ্জের সোনাপুরে লজিং বাড়ীতে আসার পথে নিখোঁজ হন ওসমানীনগরের ওসমানপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৌলভী আব্দুল হকের পুত্র হাফিজ আখলাক আহমদ (২৪)। ছেলের অপেক্ষায় তার বৃদ্ধ মা মালিকা খাতুন বার-বার মুর্ছা যাচ্ছেন। পিতা মৌলভী আব্দুল হক ছেলের জন্য প্রাগল প্রায়। প্রতিদিন সকালে হলেই ছেলের সন্ধানে বেরিয়ে যান। এ ব্যাপারে হাফিজ আখলাক আহমদের পিতা ৭ আগষ্ট ওসমানীনগর থানায় একটি জিডি করেছেন, যার নং-২৯৪।
নিখোঁজ আখলাক আহমদের পরিবার ও জিডি সুত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল করিমের বাড়ীতে হাফিজ আখলাক আহমদ বিগত প্রায় সাত-আট বছর ধরে লজিংয়ে থেকে লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে প্রবাসীর বাড়ীতে আত্মীয়ের মত বসবাস করে আসছিলেন। গত ৪ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে আখলাক আহমদ তাজপুর কদম তলায় তার বড় ভাই আখতার আহমদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বড় ভাইর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে সোনাপুরে তার লজিং বাড়ীতে আসার জন্য রওয়ানা হন। তাজপুরে বড় ভাইর সাথে সাক্ষাৎ করার সময় হাফিজ আখলাক আহমদের সাথে ছিলেন বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের জহির উল্লার পুত্র সুলতান আহমদ ও ওসমানীনগরের দক্ষিন রাউৎ খাই গ্রামের ইব্রাহীম আলীর পুত্র জিয়াউল হক। এই দিন বেলা একটার পর থেকে আখলাক আহমদের ব্যবহৃত মোবাইলের দুটি সিমই বন্ধ পাওয়া যায়। এই দিন তার লজিং বাড়ী সহ সকল আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নী।


