জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৩০
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১০০৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি যাত্রীবাহী মিনিবাস দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের রতিয়াপাড়া নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট থেকে জগন্নাথপুর অভিমুখে একটি যাত্রীবাহী মিনিবাস জগন্নাথপুর পৌর এলাকার রতিয়াপাড়া নামক স্থানে আসলে চলন্ত বাসটির সামনের একটি চাকা খোলে গেলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীরা জানান, এ সময় বাসে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। তারা সবাই কম-বেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত যাত্রীরা যে যেভাবে পেরেছেন চিকিৎসা নেয়ার জন্য চলে গেছেন। আহত যাত্রীরা সিলেট, জগন্নাথপুর ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। যে কারণে আহতদের সকলের পরিচয় জানা সম্ভব হয়নি। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে ১৫/১৬ জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এসে চিকিৎসা নিয়েছেন।
তারা হলেন, ইমন মিয়া (৯), হাজী আব্দুর রহমান (৭০), সাইদুর রহমান (১৩), তানিয়া বেগম (১৭), আলেয়া বেগম (৪০), আলমগীর হোসেন (৫০), শিরিনা বেগম (২৭), রেজাউল ইসলাম (১৫), মুকুন্দ লাল সেনগুপ্ত (৪৫), আলাউর রহমান (৪২), আলমগীর মিয়া (৪০)। আহতদের মধ্যে ইমন মিয়া, তানিয়া বেগম, আলেয়া বেগম ও আলমগীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


