চুরির অভিযোগে তিন যুবককে পুলিশে দিল জনতা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১১২৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে চুরির অভিযোগে ৩ যুবককে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
জানাগেছে, গত প্রায় দুই সপ্তাহ আগে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিনের একটি ছাগল চুরি হয়। চোরেরা স্থানীয় মাঠ থেকে ছাগলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার মিরপুর ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক বসে। বৈঠকে একই ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামের আঞ্জব আলীর ছেলে মুজাহিদ আলী (৩০), গোলাম মোস্তফার ছেলে ডিটু মিয়া (২০) ও দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামের জমিল হক ওরফে জসিম মিয়া (২৫) চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদেরকে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন জানান, পুলিশে সোপর্দকৃতরা এলাকার চিহিৃত চোর। তারা এলাকার আরো বিভিন্ন চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদের জানান, ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


