বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১২৫৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। দেওয়ান আবদুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মুনিমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রিপন সূত্রধর ও শিক্ষক নুরুল আমিনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার নাজমুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এমএ মতিন। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল লেইছ, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক ইলিয়াস মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী অতিথি আশরাফুর রহমান তার বক্তৃতায় নিজেকে শিক্ষক পরিবারের সন্তান উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে কান্না শুরু করলে অনুষ্ঠানে উপস্থিত সকলেই চোখের জলে সিক্ত হন। অনুষ্ঠানে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে সরকারি ভাবে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য আগামি ১০ সেপ্টেম্বর ওএসডি হয়ে তিনি বদলি হবেন।


