বিশ্বনাথে লামাকাজি ইউনিয়ন প্লাবিত তলিয়ে গেছে আমন ধান
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১১:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৬৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:: ধারাবাহিত বর্ষণে বিশ্বনাথের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলী জমি। উপজেলার প্রায় ৮টি ইউনিয়নে আমন ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন দুঃচিন্তায়।
এদিকে, সুরমা নদীর বাঁধ ভেঙে উপজেলার লামাকাজি ইউনিয়নে সব কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে নিম্মাঞ্চলের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে জানাগেছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করতে বের হয়েছেন বলে নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানাগেছে।
জানাযায়, উপজেলার আটটি ইউনিয়নের আমন ধান পানির নিচে তলিয়ে রয়েছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষনে এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণের ফলে এলাকার জন-জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বিপাকে রয়েছেন শ্রমজীবি মানুষ ও শিক্ষার্থীরা। জরুরী কাজ ছাড়া মানুষজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে যারাই বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হতে দেখা যায়। গত তিন দিন ধরে একবারও সূর্য্য দেখা মিলেনি।
কৃষি অফিস সূত্র জানায়, প্রায় ৬ শত হেক্টর আমন ধানের ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলা লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নে ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি প্রবেশ করছে। বেশিরভাগ গ্রামের মানুষ পানি বন্দি রয়েছেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, উপজেলার প্রায় ৬শত হেক্টও আমন ধান তলিযে গেছে। এলাকা পরিদর্শন করতে বের হয়েছেন বলে তিনি জানান।


