বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে নৌকাসহ ডুবে যাওয়া যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১২৪০ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজার উপজেলা শেওলা সেতু এলাকায় কুশিয়ারা নদীতে মাছ শিকারের জন্য নদীর তলদেশে জুটি (বাঁশের তৈরী ফাঁদ) রাখতে গিয়ে নৌকাসহ এক যুবক ডুবে যায়। প্রায় এক ঘন্টাপর স্থানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। শুক্রবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীসুত্রে জানাযায়, দুবাগ মেওয়া ইউনিয়নের পশ্চিম মেওয়া গ্রামের নিমার আলীর পুত্র আলা উদ্দিন আলাই (৩৪) নদীতে নৌকা নিয়ে মাছ শিকারে যান। মাঝ নদীতে গিয়ে নদীর তলদেশে জুটি ফেলার সময় নদীর স্রোতে টানে নৌকাসহ তিনি ডুবে যান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দুর্ঘটনাস্থল এলাকায় তল্লাশি চালান। স্থানীয় ডুবিরা প্রায় এক ঘন্টা তল্লাশি চালিয়ে তার মৃত দেহ উদ্ধার করেন। আলাই উদ্দিনের হাতে জুটি’র দড়ি বাধা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।
দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ষাকালে নদীতে জুটি দিয়ে মাছ শিকার করেন নদীর পাড়ের মানুষ। মাছ শিকার করতে গিয়ে আলাই নৌকাসহ ডুবে যায়।


