সিলেটকে ‘সিস্টার সিটি’ করবেন পেটারসন সিটি মেয়র !
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট সিটির সাথে ব্যবসায়িক সুসম্পর্ক আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নিউজার্সীর বাংলাদেশী অধ্যুষিত পেটারসন সিটি। পেটারসন সিটির মেয়র হোযে টরেস বলেছেন, ‘সিলেটকে পেটারসন সিটির সিস্টার সিটি হিসেবে আগের মেয়র একটি পরিকল্পনার কথা ঘোষণা করলেও তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি। আমি সেটি করতে চাই ঘটা করে। একইসাথে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রচনা করতে চাই।’‘আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’ এর প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম গত শুক্রবার মেয়রের সাথে এ নিয়ে বিস্তারিত কথা বলেন। নিউইয়র্ক সিটির সন্নিকটে অবিস্থত পেটারসন সিটিতে ২০ হাজারেরও অধিক বাংলাদেশী বাস করছেন। এই সিটি কাউন্সিলের নির্বাচিতদের মধ্যে বাংলাদেশী মোহাম্মদ আকতারুজ্জামানও রয়েছেন। জালালাবাদ মসজিদ সংলগ্ন রাস্তাকে ‘জালালাবাদ স্ট্রিট’ ঘোষণা করা হয়েছে। কেনেডি হাই স্কুল সংলগ্ন পার্কে নির্মাণ করা হয়েছে স্থায়ী একটি শহীদ মিনার। শুধু তাই নয়, বাঙালিদের বিজয়ের দিন ১৬ ডিসেম্বর উপলক্ষে এই সিটি হলের সামনে আমেরিকার জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করা হচ্ছে গত ক’বছর যাবত। অর্থাৎ বাংলাদেশীরা ক্রমাগতভাবে মূলধারার রাজনীতিতে জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়ায় এই সিটিতে বাংলাদেশও সমাদৃত হচ্ছে।
এম এ সালামকে মেয়র বিশেষভাবে অনুরোধ জানান ঐ ৩ সিটি মেয়রের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে যথাশীঘ্র সম্ভব একটি সময় ধার্যের জন্যে। ‘সে সময়টি যদি বিজয় দিবসের সময় হয় তাহলে অতি উত্তম হবে। একইসাথে আমরা ‘সিস্টার সিটি’ কার্যক্রমও উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো’-প্রত্যাশা মেয়র টরেসের।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো কার্যকর করতে চাই বলেও জানিয়েছেন এই মেয়র।


