বিশ্বনাথে প্রবাসীর ঘর ভাংচুর, কৃষি কাজের যন্ত্রপাতি লুটপাঠের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫ ইং, ৮:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামে রোববার রাতে যুক্তরাজ্য প্রবাসী নুরুজ আলীর বসত বাড়ীর পাশ্ববর্তি ক্রয়কৃত জায়গায় নির্মিত টিনসেডের ঘর ভাংচুর এবং সেখানে থাকা কৃষি কাজের যন্ত্রপাতি ও অন্যান্য মালমাল লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রবাসীর ভাই সুরুজ আলী বাদি হয়ে ওই রাতেই বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের মৃত আকরম উল্লাহর পুত্র আবদুর রহিম ও আবদুল করিমকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাংচুরকৃত ঘরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে মামলা চলে আসছে। সম্প্রতি মামলার রায় প্রবাসী নূরুজ আলীর পক্ষে যাওয়ার কারণে বিষয়টি নিয়ে আবারও জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এব্যাপারে প্রবাসীর ভাই সুরুজ আলী সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষ (রহিম-করিম গং) আমাদের ক্রয়কৃত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা মামলায় হেরে গিয়ে দিশেহারা হয়ে রোববার রাতে টিনসেডের ঘর ভাংচুর করেছে। এসময় ঘরে মধ্যে থাকা একটি পানির পাম্প, একটি টিলার পাম্প (ট্রাক্টর), কাঠসহ মামলা লুটপাঠ করে নিয়ে গেছে।
এঘটনার সাথে জড়িত নয় দাবি করে অভিযুক্ত আবদুল করিম সাংবাদিকদের বলেন, আমাদের উপর আনিত সকল অভিযোগ মিথ্যা।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


