এমপি লিটন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১০:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১২৮১ বার পঠিত
নিউজ ডেস্ক:: শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিয়িটি নিশ্চিত করে বলেছেন, বুধবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর স্কুলছাত্র শিশু সৌরভের দুপায়ে তিনটি গুলি করেন এমপি লিটন। পরে গুলির ঘটনা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
ওই ঘটনার পর তিনদিন তিনি নিজ বাড়িতেই অবস্থান করেন। এরপর তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এক আত্মীয়ের মাধ্যমে থানায় জমা দেন। মামলা দায়েরের দিন বাড়িতে অবস্থান করলেও পরদিন থেকে তিনি আত্মগোপনে চলে যান।
মামলার পর আদালতে আগাম জামিন আবেদন করে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এরপর গত ১২ অক্টোবর ওই আবেদনের শুনানির দিন আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। তিনি আদালতে হাজির হলে শুনানির পর আদালত তার আবেদন নামঞ্জুর করেন এবং ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
অপরদিকে এমপি লিটনকে দেয়া আত্মসমর্পণের আদেশ স্থগিত করার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার শুনানি শেষে হাই কোর্টের আত্মসমর্পণের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এর ফলে এমপি লিটনকে গ্রেফতারের বাধা দূর হয়।


